ডেস্ক নিউজ : শ্রমিক বিক্ষোভের কারণে পোশাক শিল্পে বিদেশের অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে-এমন তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের সঠিক তথ্য-উপায় নিয়ে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক আন্দোলনে নাকি বাংলাদেশের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে। এই ধরনের প্রচারণা তো ঠিক নয়। বাংলাদেশের ব্যবসা সব উঠে গেল। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত একটা প্রচারণা।
রিজভী বলেন, আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আসল তথ্য-উপাত্ত নিয়ে নিউজগুলো করবেন। জাতিকে কোনোভাবেই যেন খাটো হতে না হয়। প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে। তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, মাসের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য এশীয় উৎপাদনকেন্দ্রে স্থানান্তর করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এর বেশির ভাগই গেছে ভারতে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সুবিধাকে দুর্বল করছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজছে আন্তর্জাতিক ক্রেতারা।
আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪