লাইফ স্টাইল ডেস্ক : বায়ুদূষণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে ধোঁয়াশার প্রকোপও বাড়ে। দূষিত বাতাসে দীর্ঘ সময় থাকলে শ্বাসতন্ত্রে জ্বালাপোড়া হতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন—এমন ব্যক্তিদের জন্য বায়ুদূষণ বেশি ঝুঁকিপূর্ণ।
১. বাইরে গেলে সুরক্ষামূলক মাস্ক পরুন
বাইরে বের হওয়ার সময় ভালোভাবে মুখে আটকে থাকে এমন এন৯৫ বা কেএন৯৫ মাস্ক ব্যবহার করুন। এসব মাস্ক বাতাসের অতি সূক্ষ্ম দূষিত কণা, বিশেষ করে পিএম২.৫, আটকে রাখতে পারে। এসব কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
২. বাইরের কাজকর্ম সীমিত রাখুন
বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। খোলা জায়গায় ব্যায়াম বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজও অন্য সময়ের জন্য রেখে দিন। কারণ, বেশি পরিশ্রম করলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। এতে শরীরে বেশি পরিমাণ দূষিত বাতাস প্রবেশ করতে পারে।
৩. ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন
ধোঁয়াশার প্রকোপ বেশি থাকলে ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন। এতে বাইরের দূষিত বাতাস ঘরে প্রবেশের পরিমাণ কমবে। বিশেষ করে দিনের যেসব সময়ে বায়ুদূষণের মাত্রা বেশি থাকে, তখন জানালা খোলা এড়িয়ে চলুন।
৪. এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন
ঘরের বাতাস পরিষ্কার রাখতে হেপা ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। এটি ঘরের বাতাস থেকে সূক্ষ্ম দূষিত কণা দূর করতে সাহায্য করে। তবে ঘরের আয়তনের সঙ্গে সামঞ্জস্য রেখে যন্ত্র নির্বাচন করতে হবে এবং নিয়মিত এর ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করতে হবে।
ঘরের ভেতরে ধূমপান করবেন না। পাশাপাশি অপ্রয়োজনে কাঠ, কয়লা, ধূপ বা অন্য কোনো উপাদান পুড়িয়ে ধোঁয়া তৈরি করা থেকে বিরত থাকুন। রান্নার সময়ও ধোঁয়া ও বাষ্প ঘরের বাতাসের মান খারাপ করতে পারে। তাই সম্ভব হলে রান্নাঘরে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন।
৬. নিয়মিত বায়ুমান যাচাই করুন
বাইরে বের হওয়ার আগে প্রতিদিনের বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দেখে নিন। দূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে বাইরে অবস্থানের সময় কমিয়ে আনুন। এ সময় ঘরের বাইরে ব্যায়াম না করে ঘরের ভেতরেই শারীরিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন।
৭. শ্বাসতন্ত্রের সমস্যার লক্ষণগুলো খেয়াল রাখুন
একটানা কাশি, শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ, বুকে চাপ অনুভব কিংবা শ্বাসকষ্ট হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখুন। এসব লক্ষণ দেখা দিলে বা আগের তুলনায় বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে হাঁপানি বা শ্বাসতন্ত্রের অন্য কোনো রোগ থাকলে অবহেলা করা উচিত নয়।
দূষিত বাতাস থেকে যতটা সম্ভব দূরে থাকাই ফুসফুসের সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। তাই ধোঁয়াশার মৌসুমে সচেতন থাকা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলা জরুরি।
আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৮
