আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
ইরানের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি, কারণ তারা (ইরান) উন্মাদের মতো আচরণ করছে। আর ঠিক এ কারণেই তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।
উল্লেখ্য, এর আগে সোমবার সিএনএন এক প্রতিবেদনে জানায় যে, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের রাজধানীতে একটি ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত বিস্ফোরক) বিস্ফোরণের পরিকল্পনা করছে। ওই প্রতিবেদনের পরপরই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এলো।
সূত্র: আল-জাজিরা
আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০
