স্পোর্টস ডেস্ক : এক বছর পর শাস্তি পেলেন এক ফুটবল সমর্থক। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে তাকে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হবেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
রিয়ালের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি বিদ্বেষমূলক অপরাধের (হেট ক্রাইম) দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অযোগ্যতা আরোপ এবং জরিমানা করা হয়েছে।
তবে কারাদণ্ডটি এই শর্তে স্থগিত রাখা হয়েছে যে, তিনি আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না। তবে শাস্তিপ্রাপ্ত সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ। এর আগে ক্লাবটির আরেক ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করায় দোষী সাব্যস্ত হওয়ার নজির দেখা গিয়েছিল।
আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০
