আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি এবং বিমানে থাকা নারী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
ঘটনার সময় বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন। উড্ডয়নের মুহূর্তে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। তবে কোনো চোট ছাড়াই ওই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনী। নিরাপত্তা কর্মীরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনো ভুলের কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: দ্য হিন্দু
আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪
