স্পোর্টস ডেস্ক : বয়সের বাধা যেন কিছুতেই থামাতে পারছে না জেমস অ্যান্ডারসনকে। ৪৪ বছর বয়সেও ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসার। এবার কাউন্টি ক্রিকেটে নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সারে ক্লাবকে।
সারের সঙ্গে চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যান্ডারসন জানিয়েছেন, একপর্যায়ে তার মনে হয়েছিল হয়ত আর ক্রিকেট খেলা হবে না। তবে নতুন এই সুযোগ পেয়ে তিনি দারুণ আনন্দিত এবং রোমাঞ্চিত।
গত মাসে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে ল্যাঙ্কাশায়ার ছাড়েন অ্যান্ডারসন। ২০০১ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে তার শিকার ৭০৪ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান তৃতীয়। পেসারদের মধ্যে অবশ্য সবার ওপরে রয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ৯৯১। ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ এবং পেসারদের মধ্যেও একটি রেকর্ড। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা অব্যাহত রেখেছেন তিনি। সর্বশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০
