আন্তর্জাতিক ডেস্ক : গাজা, সিরিয়া ও লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়া, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া এবং ইরানকে পারমাণবিক শক্তির দেশ হিসেবে মেনে নেওয়ার জন্য ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আসতে পারে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৬তম সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি সবাইকে মতভেদ ভুলে তার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ সরকার গড়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বাইরের এই বড় বড় হুমকি ও চাপ সামলাতে হলে সবাইকে একসাথে চলতে হবে।
বক্তব্যে নেতানিয়াহু ইরানকে ইসরাইলের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে তুলে ধরেন এবং অভিযোগ করেন যে তেহরান আবার তাদের পারমাণবিক কাজ শুরু করতে চাইছে। সাম্প্রতিক যুদ্ধে সামরিক হামলার মাধ্যমে গাজা, লেবানন ও ইরানের শীর্ষ নেতাদের হত্যার বিষয়টিকে তিনি বড় সাফল্য হিসেবে দাবি করেন। তার মতে, এই অভিযানের কারণেই এলাকায় শক্তির সমীকরণ ইসরাইলের পক্ষে বদলে গেছে। তবে তিনি এও মনে করিয়ে দেন যে আন্তর্জাতিক চাপ বাড়লে পশ্চিম তীরে তাদের অর্জিত সাফল্য ভেস্তে যেতে পারে। কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেওয়া যাবে না—এই দাবিতে অটল থেকে নেতানিয়াহু বলেন, বাইরের দেশের যেকোনো নির্দেশ বা চাপ রুখে দিতে পারে কেবল একটি শক্তিশালী জাতীয় ঐক্যবদ্ধ সরকার।
পাশাপাশি, আরব রাজনৈতিক দলগুলোর সমর্থনে নতুন সরকার গড়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু। তার দাবি, আরব দলগুলো সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাই নতুন সরকারে তাদের কোনো জায়গা থাকা উচিত নয়। সংসদের কিছু সদস্য তাদের সহায়তায় সরকার বানানোর চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
তবে তিনি এও স্পষ্ট করেন যে আরব দলগুলোর রাজনৈতিক বিরোধিতা করলেও ইসরাইলে বসবাসকারী সাধারণ আরব নাগরিকদের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নতির কাজ চালিয়ে যাওয়া হবে। ইসরাইলের নতুন সরকার গঠন নিয়ে নানা জল্পনা-কল্পনা ও মতভেদের মধ্যেই নেতানিয়াহু এই বক্তব্য দিলেন।
সূত্র: মিডলইস্ট মনিটর
আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০
