স্পোর্টস ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের অনুমতি ছাড়াই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগাযোগের ঘটনায় বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আতলেতিকো।
আতলেতিকোর দাবি, আলভারেজকে দলে নেওয়ার বিষয়ে তাদের আগাম লিখিতভাবে না জানিয়েই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। এ অভিযোগের ভিত্তিতেই কাতালান ক্লাবটির বিরুদ্ধে আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সব জল্পনার মধ্যেও আতলেতিকো মাদ্রিদেই রয়েছেন ২৬ বছর বয়সি আলভারেজ। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। এ বিষয়ে আতলেতিকো ফিফার কাছেও অভিযোগ জানিয়েছিল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয়, বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়।
ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের আগের মন্তব্য নিয়েও কথা বলেন আলভারেজ। গ্রীষ্মে এক সাক্ষাৎকারে বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। সেই বক্তব্যে সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারছেন বলে স্বীকার করেন আর্জেন্টাইন তারকা।
২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ছয় বছরের চুক্তিতে তার দলবদলের মূল্য ছিল সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ পাউন্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর আতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তার গোলসংখ্যা ৫১।
আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৪৪
