স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগকে কেন্দ্র করে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৫ দলের ম্যাচ। আজারবাইজানের রাজধানী বাকুতে প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ ‘সি’-এর ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ তোলে ইংল্যান্ড দল। প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে যান ইংলিশ যুবারা। ঘটনাটি তদন্ত করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সোমবার অনুষ্ঠিত ম্যাচটির শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। ইংল্যান্ডের একটি ফ্রি-কিককে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে ইংল্যান্ডের এক খেলোয়াড় মাঠের বাইরে গিয়ে দলের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, আয়ারল্যান্ডের একজন খেলোয়াড় তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তাঁকে ‘বানর’ বলে অপমান করা হয়েছিল।
ঘটনার পর ইংল্যান্ডের অধিনায়ক ওই সতীর্থকে সঙ্গে নিয়ে মাঠের বাইরে যান এবং রেফারির সঙ্গে কথা বলেন। পরে দলের প্রধান কোচ ম্যাট থর্প খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ইংল্যান্ডের এক সহকারী কোচ রেফারিকে জানান, তাঁদের দল বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছে এবং আর ম্যাচ চালিয়ে যেতে চায় না। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
ঘটনার বিষয়ে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংস্থাটি অবগত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। তদন্তের প্রাথমিক প্রক্রিয়া শেষে বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে কমিটি।
এবারই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ছোট মাঠে, প্রতি দলে আটজন খেলোয়াড় নিয়ে। প্রতিটি ম্যাচে দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ড কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে জয় পেয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিনই জিম্বাবুয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলার কথা ছিল ইংলিশ যুবারদের।
আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:২২
