আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ - ০৭:২৯:১৯ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারকে দলীয়ভাবে সমর্থন দিয়েছেন। রোববার বিকেলে আশুলিয়ার গুমাইল এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় দেলোয়ার হোসেন সরকারের প্রতি এ সমর্থন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য।

সভায় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “দেলোয়ার হোসেন সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনায় আমি তাকে দলীয়ভাবে সমর্থন দিয়েছি।”

তিনি আরও বলেন, “ইয়ারপুর ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ। জনগণের পাশে থেকে কাজ করতে হবে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মানুষের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবেন। দলের স্বার্থে এবং জনগণের কল্যাণে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল  গফুর মিয়া, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লা, হালিম মণ্ডল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, কিসমত সরকার, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা সাবেক ছাত্র দলের নূরুল ইসলাম পলান, জিয়া মঞ্চের থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির, যুবদল নেতা মোস্তাফা হোসাইন, ছাত্রদলের মিরাজ সরকার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়শা/১১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:২০
▎সর্বশেষ

ad