আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউস প্রেস সচিবের পদ থেকে গত আগস্ট মাসে পদত্যাগ করার পর এবার ফক্স নিউজে অন-এয়ার কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী ১ নভেম্বর থেকে তিনি এই জনপ্রিয় সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করা শুরু করবেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের দুই প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স ও কেইলি ম্যাকএন্যানিও হোয়াইট হাউস ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিয়েছিলেন। ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট লেভিটের কাজের প্রশংসা করে জানিয়েছেন যে হোয়াইট হাউস এবং নির্বাচনী প্রচারণার প্রথম সারির অভিজ্ঞতা তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে দারুণভাবে সাহায্য করবে।
অন্যদিকে লেভিটও এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস প্রেস সচিব হিসেবে তার কর্মজীবনের অভিজ্ঞতা ফক্সের কোটি কোটি দর্শকের সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন লেভিট। মাত্র ২৯ বছর বয়সে হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সচিব হওয়া লেভিট চলতি বছরের শুরুতে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রশাসন ছেড়ে দেন।
সে সময় তিনি পরিবারকে সময় দেওয়া এবং ট্রাম্পপন্থী সুপার প্যাক ‘মাগা ইনক’-এ কাজ করার কথা জানিয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি হোয়াইট হাউসের গণমাধ্যম কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনেন এবং কনজারভেটিভ ধারাভাষ্যকারদের জন্য ব্রিফিং রুমে বিশেষ সিটের ব্যবস্থা করেন। ট্রাম্পের একজন কট্টর সমর্থক ও বিশ্বস্ত সহচর হিসেবে তিনি তার মেয়াদকালে বেশ পরিচিতি লাভ করেছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।
আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/কিকাল ৫:৩৩
