দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ - ১০:৫৮:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইরানে অভিযান চালিয়ে তাকফিরি গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি বিস্ফোরক প্যাকেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। খবর মেহের নিউজ এজেন্সির। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইরানের আইআরজিসি স্থলবাহিনীর কুদস ঘাঁটির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়। দলটি ওই অঞ্চলে একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করা হয়েছে। পরে তাদের লক্ষ্য করে অভিযান চালায় কুদস ঘাঁটির সদস্যরা।   

আইআরজিসি জানায়, অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাশাপাশি ওই এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। পরে দেওয়া এক সম্পূরক তথ্যে কুদস ঘাঁটি জানায়, অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিস্ফোরক প্যাকেটও উদ্ধার ও জব্দ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য—এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad