জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

Anima Rakhi | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১১:০৬:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি সরবরাহে সংকটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য কর কমানো, বিকল্প জ্বালানি বিক্রির অনুমতি এবং পরিবহন বিধিনিষেধ শিথিলসহ নানা পদক্ষেপ নিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জর্জিয়া, ইন্ডিয়ানা ও কেনটাকির মতো অঙ্গরাজ্যগুলো পাম্প পর্যায়ে জ্বালানির ওপর কর কমানোর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া ও মিশিগান বিক্রির জন্য অনুমোদিত জ্বালানির ধরন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্টানা, নেব্রাস্কা ও সাউথ ডাকোটায় জ্বালানি ও কৃষিপণ্য পরিবহনের ওপর থাকা কিছু বিধিনিষেধও শিথিল করা হচ্ছে।

এদিকে রেড-ডাইড ডিজেল বিক্রির ক্ষেত্রে নিয়ন্ত্রক বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। কৃষিকাজসহ বিভিন্ন অফ-রোড কাজে সাধারণত ব্যবহৃত এই ডিজেল অধিকাংশ ফেডারেল জ্বালানি কর থেকে অব্যাহতি পায়।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

কিউটিভি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:০৫

▎সর্বশেষ

ad