ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

Ayesha Siddika | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৪১:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দেশটির আধা-সামরিক বাহিনীর (সিআইএসএফ) জওয়ানের এলোপাতাড়ি গুলিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্তত চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামে অবস্থিত সেবা বিদ্যুৎ প্রকল্পে মোতায়েনরত সিআইএসএফের সদস্যদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। তুচ্ছ তর্কাতর্কির জেরে সিআইএসএফের এক জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে সিআইএসএফের জ্যেষ্ঠ এক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার। অভিযুক্ত জওয়ানের নাম অবধেশ কুমার সিং। তিনি সিআইএসএফের হেড কনস্টেবল হিসেবে কর্মরত। সিআইএসএফের সদস্যরা বলেছেন, সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে প্রবেশ করেন অবধেশ কুমার সিং। পরে নিজের নামে বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালান তিনি।
সিআইএসএফের একাধিক সূত্র বলেছে, ওই ঘটনার সময় তার কাছে ১৫০ রাউন্ড তাজা গুলি ছিল। অবধেশের গুলিতে গুরুতর আহত সিআইএসএফের চার সদস্য। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। অভিযুক্ত অবধেশ কুমার সিংকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হঠাৎ কী কারণে এমন নৃশংস ঘটনার সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি

 

 

আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad