এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রতিবন্ধী শিশু ও যুবাদের সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন আন্তর্জাতিক দাতা সংস্থা লিলিয়ান ফন্ডসের প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী তারা চৌগাছা উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, অংশীজন, প্রতিবন্ধী যুবা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে স্থানীয় অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্য স্থানীয় পর্যায়ে সেবা নিশ্চিতকরণ, অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় শেষে লিলিয়ান ফন্ডসের প্রতিনিধি আলোদিয়া ক্যাটরিনা সান্তোস ও অ্যাঞ্জেলা ফ্রিংস, আশরাফ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত একটি কক্ষের উদ্বোধন করেন। স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী শিশু ও যুবাদের জন্য কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
এরপর বিকেল ৩টায় প্রতিনিধি দলটি সিএমআইটি কলেজে প্রতিবন্ধী যুবাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে প্রতিবন্ধী যুবাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা, কর্মসংস্থান এবং সমাজে অর্থবহ অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যুবারা তাদের অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। বিকেল সাড়ে ৩টায় প্রতিনিধি দলটি খড়িঞ্চা গ্রামের কেয়ারগিভার রিসোর্স সেন্টার (সিআসি) পরিদর্শন করেন। সেখানে প্রতিবন্ধী শিশু ও যুবাদের মায়েদের সঙ্গে মতবিনিময় সভায় তারা পরিবারের অভিজ্ঞতা, সন্তানদের যত্ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে কথা বলেন।
বিকেল ৪টায় প্রতিনিধি দলটি আশরাফ ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে অবগত হন এবং প্রতিবন্ধী শিশু ও যুবাদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চলমান উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিডিডির প্রোগ্রাম ম্যানেজার এস এম আলী হাসনাইন ফাতিম ইয়ুথ এনগেজমেন্ট অফিসার বৈশাখী পশারী দ্রুতি, আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ, স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর, সিএমআইটি কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন মনির, আশরাফ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও সিবিআর কর্মসূচির আশিষ চ্যাটার্জি, ফিল্ড ট্রেনার নজরুল ইসলাম,সিবিআর অফিসার মামুনুর রশিদ বকুল, সিবিআর ফ্যাসিলিটেটর সাইদুল ইসলাম, কমিউনিটি সিবিআর কর্মী পিংকি খাতুন, আশরাফ ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অফিসার রকিবুল ইসলাম রিফাত এবং ইয়ুথ ক্লাবের সদস্য আরজিনা খাতুন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিবন্ধী যুবা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দলের এ পরিদর্শনের মধ্য দিয়ে চৌগাছায় প্রতিবন্ধী শিশু ও যুবাদের জন্য চলমান কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অংশীজনদের সম্পৃক্ততা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।
আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:০৫
