বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

Anima Rakhi | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:১৮:৪০ পিএম

ডেস্ক নিউজ : জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক অনন্য ও বিরল বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষ থেকে মাতৃভাষা বাংলায় এই ঐতিহাসিক ভাষণ দেন। জাতিসংঘের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনো একই পরিবারের তিন সদস্য—বাবা, মা ও ছেলে; প্রত্যেকেই আলাদাভাবে রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে সাধারণ পরিষদে বক্তব্য দেননি । 

পারিবারিক সেই ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক দরবারে কোটি কোটি বাংলাদেশির মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক চেতনা ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বাণী সফলভাবে তুলে ধরেছেন। 

চার দশকের পারিবারিক ধারাবাহিকতা 

পরিবারের প্রথম সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৪৬ বছর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য রেখেছিলেন। 

সেই সময়ে তাঁর প্রাজ্ঞ ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, বিশ্ব ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশের অগ্রগতিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপরে বিশেষ তাগিদ দেওয়া হয়েছিল। একই সাথে তিনি মানবিক মর্যাদা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জোর আহ্বান জানান। এর ঠিক তেরো বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের ৪৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

জাতিসংঘের অফিশিয়াল নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে মোট পাঁচবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে বক্তব্য রেখেছিলেন। 

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিকে সম্বোধন করে দেওয়া বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুটা আবেগপ্লুত ও স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বলেন, “জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর। এই বিশ্বমঞ্চে দাঁড়িয়েই আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ এবং জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। 

একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি।”প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমান বাংলাদেশের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, বিশ্বশান্তি ও টেকসই নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের অগ্রাধিকারসমূহ বিশদভাবে উপস্থাপন করেন।

কিউটিভি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:১৭

▎সর্বশেষ

ad