স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে রেকর্ডের শেষ নেই। সময়ের সঙ্গে নতুন নতুন কীর্তি যেমন যোগ হয়, তেমনি পুরোনো অনেক রেকর্ডও ভেঙে যায়। তবে কিছু অর্জন থাকে একেবারেই বিরল। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের প্রথম ওভারেই হ্যাটট্রিক করা তেমনই একটি কীর্তি।
চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা)
২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চামিন্ডা ভাস। ম্যাচের প্রথম ওভারের প্রথম তিন বলেই টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এখানেই শেষ নয়, ওই ওভারের পঞ্চম বলেও আরেকটি উইকেট তুলে নিয়ে এক ওভারে চার উইকেট শিকারের বিরল নজির গড়েন ভাস।
সেদিন দুর্দান্ত বোলিং করে ২৫ রান খরচায় মোট ছয়টি উইকেট নেন লঙ্কান পেসার। তার অসাধারণ বোলিংয়ের সুবাদে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় শ্রীলঙ্কা।
ইরফান পাঠান (ভারত)
এই তালিকার দ্বিতীয় নাম ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। ২০০৬ সালে পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি পেসার।
করাচিতে অনুষ্ঠিত সেই টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। নতুন বল হাতে প্রথম ওভারেই আক্রমণে আসেন ইরফান। ওভারের চতুর্থ বলে সালমান বাটকে আউট করেন তিনি। পরের বলেই ইউনুস খানকে এবং ওভারের শেষ বলে মোহাম্মদ ইউসুফকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন পাঠান।
তবে ইরফানের এই দুর্দান্ত ব্যক্তিগত কীর্তির পরও ম্যাচের ফল ভারতের পক্ষে যায়নি। শেষ পর্যন্ত সেই টেস্টে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিক—এমন বিরল কীর্তির তালিকায় এখন পর্যন্ত তাই চামিন্ডা ভাস ও ইরফান পাঠানের নামই রয়েছে। তাদের পর আর কোনো বোলারই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৪
