বিনোদন ডেস্ক : ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘বীরগতি’ সিনেমা। নায়িকা হিসেবে পূজা দাদবালের সামনে তখন যেন খুলে গিয়েছিল রুপালি পর্দার এক নতুন দরজা। মাত্র ১৭ বছর বয়সে অভিনেতা সালমান খানের বিপরীতে বলিউডে পা রাখেন অভিনেত্রী পূজা। কিন্তু প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। তারপর জীবনটা যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেভাবে এগোয়নি। পরে অভিনয় ছেড়ে গোয়ায় সংসার পাতেন অভিনেত্রী।
২০১৮ সালে গুরুতর অসুস্থ হয়ে বিপাকে পড়লে পুরোনো সহ-অভিনেতা সালমান তার চিকিৎসার খরচে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ‘বীরগতি’ সিনেমা বক্সঅফিসে সেভাবে সাফল্য পায়নি। পূজা ভেবেছিলেন এরপর হয়তো একের পর এক কাজ আসবে, কিন্তু তাও হয়নি। অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায় কাজের মাধ্যমেও চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানেও যে খুব বেশি নজর কেড়েছিলেন দর্শকদের, তেমনটি নয়। তাই একসময় অভিনয়জগৎ থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা।
বিয়ের পর গোয়ায় সংসার পাতেন। সেখানে স্বামীর সঙ্গে একটি ‘ক্যাসিনো’ পরিচালনার কাজে যুক্ত হন অভিনেত্রী। বলিউডের আলো, ক্যামেরা, শুটিং— সবকিছু থেকে অনেক দূরে গিয়ে শুরু হয় তার অন্যরকম জীবন। কিন্তু কয়েক বছর পর আচমকাই নেমে আসে অন্ধকার।
২০১৮ সালে যক্ষ্মায় আক্রান্ত হন পূজা। ফুসফুসেও দেখা দেয় একাধিক সমস্যা। ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকেন তিনি। একসময় চিকিৎসার খরচ জোগাড় করাও কঠিন হয়ে ওঠে। পরিস্থিতি আরও জটিল হয় যখন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সেই সময়ে স্বামী ও শ্বশুরবাড়ির কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি তিনি। শেষ পর্যন্ত প্রায় নিঃস্ব অবস্থায় মুম্বাইয়ে ফিরে আসেন সালমানের নায়িকা।
পাশে দাঁড়ানোর মতো মানুষও ছিল হাতেগোনা। এক শুভাকাঙ্ক্ষীর সাহায্যে সরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসা চলার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে খরচ। তখনই পুরোনো পরিচিতদের কাছে সাহায্যের আবেদন জানান অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে পূজা নিজের অসহায়তার কথা জানান। বলিউডে যাদের সঙ্গে একসময় কাজ করেছিলেন, তাদের কাছেও সাহায্যের আবেদন জানান। সেই ভিডিও নজর এড়ায়নি বলি ভাইজানেরও। পূজার দুঃসময়ে হাত বাড়িয়ে দেন সালমান খান।
জানা গেছে, পূজার চিকিৎসার খরচ ছয় মাস বহন করেছিলেন অভিনেতা। রবি কিশনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই সহায়তা পূজার কাছে হয়ে ওঠে নতুন করে বেঁচে থাকার অবলম্বন। পরে অবশ্য সালমান খানের সাহায্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত পূজা বলেছিলেন— ‘আজ আমি যে দ্বিতীয় জীবন পেয়েছি, তা ওর জন্যই। সালমানের কাছে সারাজীবন কৃতজ্ঞ।’তবে সুস্থ হয়ে ওঠার পরও যে তার জীবন খুব একটা মসৃণ হয়েছে তা নয়। ২০২০ সালে আবার চেষ্টা করেছিলেন অভিনয়ে ফেরার। কিন্তু সেভাবে সুযোগ আসেনি। সংসার চালানোর জন্য এখন টিফিন পরিষেবার ব্যবসা শুরু করেছেন পূজা দাদবাল।
আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০
