আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা সিটিতে আকস্মিক একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আরও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
গাজার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘সাডা’ বা ‘সুখ’ নামের ভবনটিতে হঠাৎ করেই রাতের আঁধারে কাঠামোগত ফাটল দেখা দিয়েছিল। এই ভবনটিতে অন্তত ১০০ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। হঠাৎ ভবনটি ধসে পড়ায় বড় ধরনের এই প্রাণহানির ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দীর্ঘক্ষণ ধরে তীব্র চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার কাজ শেষ হওয়ার পর সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।
আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩০
