ডেস্ক নিউজ : বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি বলেছেন, আন্তর্জাতিক কার্বন বাজার কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
পরিবেশগতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এবং ক্রমবর্ধমান জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্বন বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান লি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমনে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবং অর্থনৈতিক সুবিধা অর্জনের সুযোগ সৃষ্টি করে কার্বন বাণিজ্য দেশের জন্য নতুন অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
সেই সঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারের প্রক্রিয়া ও মানদণ্ড অনুযায়ী এসব সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার।
বৈঠকে জলবায়ু কার্যক্রম ও ন্যায়বিচার, কার্বন বাণিজ্য, নবায়নযোগ্য ক্লিন অ্যানার্জি, পানি ব্যবস্থাপনা, জলবায়ু প্রযুক্তি, টেকসই নগরায়ন, খাদ্য নিরাপত্তা এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে জ্ঞান বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
লি বলেন, পানি ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা, বর্জ্য শোধন, টেকসই নগর উন্নয়ন এবং ভার্টিকাল ফার্মিং বিষয়ে সিঙ্গাপুরের প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশের জন্য কার্যকর অভিজ্ঞতা ও শিক্ষার সুযোগ তৈরি করতে পারে।
উল্লেখ্য, সিএজেএফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও সিঙ্গাপুরকে তাদের অভিজ্ঞতা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতার সমন্বয় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বৈঠকে উভয়পক্ষ জলবায়ু কার্যক্রম, পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ, ক্লিন অ্যানার্জি, খাদ্য নিরাপত্তা, নগর ব্যবস্থাপনা ও কার্বন বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বেসরকারি খাত এবং নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিএজেএফের মহাসচিব রাওমান স্মিতা, সাংবাদিক মইন উদ্দিন খান, ইমতিয়াজ আহমেদ, এসএম রানা ও মেহেদী হাসান খান।
আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫৫
