ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫৩:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আবারও হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই’ ইরানে আরেক দফা হামলা চালাতে পারি।

ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  রাতে ইরানের সামরিক সরঞ্জামের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে ইরান নতুন করে রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাইন পেতে ব্যবহারের সরঞ্জাম তৈরি করছিল। মার্কিন বাহিনী এসব সরঞ্জাম শনাক্ত করে ধ্বংস করেছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে এবং ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করছে। মাঝে মধ্যে ইরান ড্রোন হামলা করলেও সেগুলো প্রতিহত করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমরা গত রাতে তাদের ওপর খুব কঠোর আঘাত করেছি।’ ইরান নতুন করে যে সামরিক সরঞ্জাম তৈরি করেছিল, তার সবই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

তার মতে, এসব সরঞ্জামের মধ্যে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের ব্যবস্থাই ছিল। ইরানকে আবারও সতর্ক করে ট্রাম্প বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত খুব বেশি দিন নাও চলতে পারে। এ ছাড়া হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তিনি কথাটি শুধু ‘মজা করে’ বা ‘ভাবনা হিসেবে’ বলেছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এরপর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর উঠে আসে। অন্যদিকে, ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। 

তথ্যসূত্র: আনাদোলু

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad