স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনায় শাস্তি পাওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদের জন্য স্বস্তির খবর দিয়েছে ফিফা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনে তাদের নিষেধাজ্ঞা প্রীতি ম্যাচেও কার্যকর করার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের ফাইনাল শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ, মোলিনাকে ৭ ম্যাচ এবং আলমাদেকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সাধারণ নিয়মে এমন নিষেধাজ্ঞা অফিসিয়াল প্রতিযোগিতার ম্যাচেই কার্যকর হওয়ার কথা। অর্থাৎ কোপা আমেরিকা, বিশ্বকাপ বা বাছাইপর্বের ম্যাচে খেলতে না পারার মধ্য দিয়েই শাস্তি কাটানোর কথা ছিল তাদের।
এতে বড় টুর্নামেন্টের ম্যাচে দীর্ঘ সময় দলের বাইরে থাকার শঙ্কা তৈরি হয়েছিল তিন ফুটবলারের। সেই পরিস্থিতি বদলাতেই ফিফার কাছে আবেদন করে এএফএ। সংস্থাটি চেয়েছিল, জাতীয় দলের প্রীতি ম্যাচগুলোতেও যেন নিষেধাজ্ঞার ম্যাচ হিসেবে গণনা করা হয়।
ফিফা সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার সুযোগ পাবেন পারেদেস, মোলিনা ও আলমাদে। এতে বড় কোনো প্রতিযোগিতায় তাদের ফেরার পথও সহজ হবে। আর্জেন্টিনার জন্যও এটি স্বস্তির খবর। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ম্যাচে তিন ফুটবলারকে দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হলো।
আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ২:০০
