বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক

Ayesha Siddika | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ - ০২:৫২:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : আরও এক এশিয়া কাপ শুরু হচ্ছে আজ। টি-টোয়েন্টি ফরম্যাটে নারীদের এশিয়া কাপে মাঠে নামবে ৮ দল। এই টুর্নামেন্ট শুরুর আগে আবারও আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। গেল বছর থেকে এই দুই দেশের বৈরিতা দেশ দুটির ক্রিকেট ম্যাচকে দিচ্ছে বাড়তি গুরুত্ব।

আগামী ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে চাইলেন না ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর। তিনি বলেন, নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের মূল লক্ষ্য থাকবে ক্রিকেটে মনোযোগ ধরে রাখা, কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের দিকে নয়।

বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ভারত এই টুর্নামেন্টের অন্যতম শীর্ষ দাবিদার। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও অংশ নিচ্ছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আরব আমিরাত, থাইল্যান্ড, হংকং চীন ও ইন্দোনেশিয়া আছে বাকি দলগুলোর তালিকায়। হারমানপ্রীত বলেন, এশিয়ার দলগুলোর উন্নতির কারণে প্রতিযোগিতা এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। তাই কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়া ঠিক হবে না।

অধিনায়কদের সংবাদ সম্মেলনে হারমানপ্রীত বলেন, ‘আমরা কোনো একটি নির্দিষ্ট দলের ওপর মনোযোগ দিচ্ছি না, যেটা আমাদের জন্য কঠিন হবে। সব দলই ভালো খেলছে। আমাদের লক্ষ্য শুধু ভালো ক্রিকেট খেলা, কোনো দলকেই হালকাভাবে না নেওয়া। খেলার অন্যান্য প্রভাবের দিকে মনোযোগ না দিয়ে আমাদের মূল লক্ষ্য শুধু ক্রিকেট খেলা।’

শেষ এক বছরে নানা মঞ্চে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে অনেক বার। প্রতিটি ম্যাচেই ভারত ও পাকিস্তান দুই দলই একে অপরের সঙ্গে হাত মেলানো থেকে বিরত ছিল। আরও এক এশিয়া কাপের আগে তাই প্রশ্ন ছিল এবার পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে তিনি হ্যান্ডশেক করবেন কিনা। তবে এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি হারমানপ্রীত। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক ফলাফলের পর এই টুর্নামেন্টকে চাপের মধ্যে দলের সামর্থ্য যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছেন হারমানপ্রীত।

তিনি বলেন, ‘এশিয়া কাপ এমন একটা মঞ্চ, যেখানে আপনি নিজেকে সত্যিকার অর্থে যাচাই করতে পারেন। নিজেকে অনেক চাপে ফেলে সেই মানের পারফরম্যান্স দেখাতে হয়, যা দলের কাছ থেকে প্রত্যাশা করা হয়। দল হিসেবে ভালো করার জন্য এই টুর্নামেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে গত দুই-তিন বছরে সব দলের মধ্যে অনেক বড় উন্নতি দেখেছি আমরা। তাদের বিপক্ষে যখনই খেলি, তারা আমাদের কিছুই সহজে দেয় না। এটা অনেক চ্যালেঞ্জিং হবে, তবে একই সঙ্গে আমাদের অভিজ্ঞতাও কাজে দেবে।’

উল্লেখ্য, বুধবার দুবাই পৌঁছেছে ভারত দল। এখনো তারা মাঠের অবস্থা যাচাই করতে পারেনি। শুক্রবারের অনুশীলন সেশন এবং নিজেদের প্রথম ম্যাচের আগের ম্যাচগুলো দেখে দলের কম্বিনেশন ঠিক করার পরিকল্পনা করেছে তারা। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আগ্রহী পাকিস্তান। ফাতিমা সানা বলেন, তার দল কোনো ভয় ছাড়াই এই ম্যাচে নামতে চায়। সানা বলেন, ‘৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা শুধু উপভোগ করতে চাই। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই, যেদিন যে দল ভালো খেলবে, সেদিন সেই দলই জিতবে।’

 

 

আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad