বিনোদন ডেস্ক : বাড়ি ফিরতে দেরি হলে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী স্ত্রী জয়া বচ্চনের বকুনি খেতে হতে পারে। তাই আগে থেকেই নিজের পরিবারের সদস্যদের জানিয়ে রাখেন বলে জানান শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে বাড়ি ফিরতে দেরি করলে তাকে বকাঝকা করেন কিনা— এক প্রতিযোগীর এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এমনকি বাড়িতে পরিচারক-পরিচারিকারা না থাকলে নিজেই ঘরের কাজ করেন বলেও জানান বিগবি।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-সিজনে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সেই সময় ওই প্রতিযোগী অভিনেতাকে প্রশ্ন করেন, তিনি বাড়ি ফিরতে দেরি করলে জয়া তাকে বকাঝকা করেন কিনা। সেই প্রশ্নের উত্তরে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, শুটিংয়ের কারণে দেরি হবে বুঝলে আগে থেকেই পরিবারের সবাইকে জানিয়ে দেন তিনি। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে তাদের।
অমিতাভ বলেন, আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সবাইকে নিয়ে তৈরি করা গ্রুপে একটি বার্তা পাঠাই। হাত জোড় করে বলি— কোথাও আমার শুটিং রয়েছে এবং ফিরতে দেরি হবে। তাই যেন কেউ আমার জন্য রাতের খাবারের অপেক্ষা না করেন। আর আগে থেকে সবাইকে জানিয়ে রাখি। এটাই আমাকে বাঁচিয়ে দেয়। এরপর মজা করে শাহেনশাহ বলেন, কিন্তু যদি তাকে (জয়া বচ্চন) না জানাই, তা হলে বকুনি খাব। জিজ্ঞেস করবে— ‘কোথায় ছিলে, আমাদের জানালে না কেন, এটা বাড়ি ফেরার সময়?’ তাই আমি যদি খুব দেরি করি, জয়া নিজের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
বাড়িতে পরিচারক-পরিচারিকারা না থাকলে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিজেই করেন বলে জানান অমিতাভ বচ্চন। এ কিংবদন্তি অভিনেতা বলেন, বাড়িতে যত কর্মীই থাকুক না কেন, যখন কেউ থাকে না, তখন আমি নিজেই সব কাজ করি। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে সব কিছুই সামলাই। তিনি বলেন, তবে আমি রান্না করতে জানি না। তাই কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নিই। আবার কখনো জয়ার কাছে গিয়ে বলি— ‘দেবী জি, একটু কিছু বানিয়ে দাও।’তার এই আবদারে জয়া বেশ খুশি হন বলে জানান এ বর্ষীয়ান অভিনেতা। প্রতিদিন তার জন্য নানা রকমের খাবার তৈরি করেন তিনি। এবং খাবারটি কেমন হয়েছে, সেটিও জানতে চান বলে জানান অমিতাভ বচ্চন।
আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ২:২৪
