আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশের জানায়, গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী একজন ছাত্র। তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা জাম্বোয়াঙ্গা সিটি কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে কোনো দৃশ্যমান উসকানি ছাড়াই একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী ও গুলিতে নিহতদের একজন—দুজনই ওই জেসুইট পরিচালিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।
গুলির ঘটনার পর পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুলের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি ছিল কিনা, সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ। নিহত ও আহতদের পরিচয় এবং সন্দেহভাজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:৪৩
