আন্তর্জাতিক ডেস্ক : গাজা নিয়ে প্রস্তাবিত পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ‘খুব ভালো’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ আগস্ট) ওভাল অফিসে এক অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্পর্ক খুব ভালো।’
এর আগে এক সপ্তাহেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। তবে রোববার নেতানিয়াহু স্পষ্টভাবে জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনার বিরোধিতা করছেন। ওই পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি গাজা থেকে ধীরে ধীরে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ইসরাইলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন। বিভিন্ন জনমত জরিপে তিনি কখনো সমানে, আবার কখনো পিছিয়ে রয়েছেন। ২০২৩ সালে হামাসের ভয়াবহ হামলার পর এটিই ইসরাইলের প্রথম নির্বাচন।
জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর ডানপন্থি সমর্থকদের বড় একটি অংশ গাজা পরিকল্পনার বিরোধিতা করছে। তার সরকারের কট্টর ডানপন্থি মন্ত্রীরাও পরিকল্পনাটি বাতিল করার জন্য নেতানিয়াহুর ওপর চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককেই নিজের রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্পও ইসরাইলের প্রতি নজিরবিহীন সমর্থন দেখিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্তও ছিল।
ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে একসঙ্গে অবস্থান নেন। তবে পরে যুদ্ধবিরতি ও সংঘাতের সমাধান নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য তৈরি হয়। গাজা পরিকল্পনাটি গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরবর্তী ধাপ। ওই যুদ্ধবিরতির ফলে গাজায় ইসরাইলি সামরিক অভিযান কিছুটা কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরাইলের ৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪০
