জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ‘মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক’ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করে যান চলাচলের উপযোগী করে দিয়েছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৭টা থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঞা এমপি,র মানবিক দিক নির্দেশনায় এ মেরামত কাজ শুরু হয়। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার প্রত্যক্ষ উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার গোমতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করা হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.ফোরকান ইমামী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার পাকা, কাঁচা ও আধাপাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক স্থানে সড়কের একাংশ ধসে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের উপক্রম হয়। এতে করে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সকল প্রকার যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। জনদুর্ভোগের এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঞা উপজেলা বিএনপিকে দ্রুততম সময়ে সড়কটি মেরামতের নির্দেশ দেন।নির্দেশনা পাওয়ার পর মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে গোমতি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী একযোগে কাজ শুরু করেন। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় ইট ও বালু ফেলে ভরাট করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাময়িকভাবে স্থায়ী ও নিরাপদ চলাচলের পরিবেশ ফিরিয়ে আনেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, টানা ভারী বর্ষন ও “পাহাড়ী ঢলের কারণে মাটিরাঙ্গার প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাট ভেঙ্গে মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল রাজনীতির নীতি ও লক্ষ্য। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঞা,র নির্দেশে আমরা মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক বিকে উচ্চবিদ্যালয়ের সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামত করেছি, যাতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের আর কষ্ট পোহাতে না হয়। যেকোনো দুর্যোগে জনস্বার্থে আমাদের এই সামাজিক ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।
বিএনপির এই তাৎক্ষণিক মানবিক পদক্ষেপে গোমতি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পুরো এলাকায়। সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের স্বাভাবিক পরিবেশ তৈরি করায় গোমতি এলাকার সর্বস্তরের জনগণ ও যানবাহন চালকরা খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঞা, এবং উপজেলা বিএনপি সহ সড়ক মেরামত কাজে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আয়শা/২৪ জুলাই ২০২৬,/রাত ৮:২০
