আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইতিহাস পরিবহনের বাসের হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে অভিযুক্ত কাওছার হোসেন সানজিদকে গ্রেফতার করেন পুলিশ।
জানা গেছে, গত ১২ জুলাই রাতে নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে ভুক্তভোগী নারী চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন। অভিযোগ, গভীর রাতে চলন্ত বাসে ওই নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত কাওছার হোসেন সানজিদ গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখানে একটি কুরিয়ার সার্ভিসের গাড়িচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এর আগে ধর্ষণের চেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ করা হয়েছে এবং বাসটির চালক আজিজুল শিকদার ওরফে রাজুকেও গ্রেফতার করা হয়েছে।
আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:০৫
