ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ১১:৫৪:২১ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাশেদ খাঁন। এসময় তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।

রাশেদ খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারি এবং তিনি যে রাজনৈতিক দায়িত্ব আমার ওপর দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে পারি।’

তিনি জানান, শেখ হাসিনার সরকারের সময় থেকেই তারেক রহমানের নেতৃত্বে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তার ভাষ্য, ২০২২ সালের যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তী ছাত্র গণঅভ্যুত্থানেও তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন।

তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি ও নুরুল হক নুর নেতৃত্বে ছিলেন। ২০২৪ সালে কোটা–সংক্রান্ত আন্দোলন শুরু হলে সেটি শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটি তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে এগিয়ে নেওয়া হয়েছিল।

রাশেদ খাঁন বলেন, ‘আমি আমার জীবনে এমন কোনো কাজ করিনি, যাতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আমার ওপর অনাস্থা স্থাপন করেন।’তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তার দাবি, ‘ওই সময়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, নুরুল হক নুর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যদের সঙ্গে রাজনৈতিক সমন্বয়ের জন্য একাধিক আলোচনা হয়েছিল।’

রাশেদ খাঁন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হতে পারে না। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনের প্রশ্নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর বিরোধী রাজনীতির সুযোগ পাওয়া কিছু দল সরকারের রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করছে।

তিনি জামায়াতে ইসলামী ও এনসিপির উদ্দেশে বলেন, ‘আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করুন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যে ভাষায় কথা বলত, এখন আপনাদের বক্তব্যেও সেই একই ভাষা শোনা যাচ্ছে।’

তিনি আবারও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad