বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড

Anima Rakhi | আপডেট: ১২ জুলাই ২০২৬ - ০৬:৫৮:০৭ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। একাদশে জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচটি ছিল পিকফোর্ডের বিশ্বকাপে ১৮তম উপস্থিতি। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে, তিনি বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলেছিলেন।

এর আগে শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলেই শিলটনের ১৭ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন এভারটনের এই গোলরক্ষক। কোয়ার্টার-ফাইনালে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি।

৩২ বছর বয়সী পিকফোর্ড ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে প্রথমবার ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলেন। এরপর ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলতি ২০২৬ বিশ্বকাপ—তিনটি আসরেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

অন্যদিকে, পিটার শিলটনও তিনটি বিশ্বকাপে (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০) ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন। তবে ম্যাচসংখ্যায় এখন তাঁকে ছাড়িয়ে গেছেন পিকফোর্ড।

এদিকে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও নরওয়ের বিপক্ষে খেলছেন নিজের ১৭তম বিশ্বকাপ ম্যাচ। ফলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি এখন শিলটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

কিউটিভি/অনিমা/১২ জুলাই ২০২৬,/সকাল ৬:৫৮

▎সর্বশেষ

ad