স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কাছে ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলীয় অর্জনই বেশি গুরুত্বপূর্ণ। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা নয়; বরং ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ের গৌরব এনে দেওয়া।
নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের সঙ্গে তুলনা নিয়েও প্রশ্ন করা হলে কেইন বলেন, ‘আমাদের দুজনের খেলার ধরন আলাদা। হালান্ড শারীরিকভাবে অসাধারণ শক্তিশালী এবং দুর্দান্ত গোলস্কোরার। আমি খেলায় আরও বেশি জড়িত থাকতে পছন্দ করি। তাই সরাসরি তুলনা করা ঠিক হবে না।’তিনি আরও যোগ করেন, ‘শুধু হালান্ডকে থামালেই হবে না। নরওয়ের দলে ওডেগার্ড, সোরলোথসহ আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। পুরো দলকেই গুরুত্ব দিতে হবে।’
এদিকে এই ম্যাচে খেলতে নামলেই ওয়েন রুনির ১২০ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কেইন। এই মাইলফলককে তিনি ‘গর্বের’ বলে উল্লেখ করলেও জানিয়েছেন, এখন তার সব মনোযোগ কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ড কোচ থমাস টুখেলও অধিনায়কের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হ্যারি একজন অসাধারণ নেতা।
সে নিঃস্বার্থ, দলের জন্য সবকিছু উজাড় করে দেয়। এমন একজন খেলোয়াড়কে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের।’বর্তমান গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকলেও কেনের কাছে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে বিশ্বকাপ ট্রফিই এখন সবচেয়ে বড় স্বপ্ন।
আয়শা/১১ জুলাই ২০২৬,/বিকাল ৩:৪৪
