নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে?

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৬ - ০৮:২৫:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী রোববার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ১৬–এর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ক্যানারিনহাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর্লিং হলান্ড-মার্টিন ওডেগার্ডের জুটিকে থামানো। তবে নরওয়ের জন্যও কাজটা সহজ হবে না। আক্রমণভাগে শক্তিশালী হলেও দলটির সবচেয়ে বড় দুর্বলতা তাদের রক্ষণভাগ।

রাউন্ড অব ১৬-এর আগে ব্রাজিলের শেষ প্রতিপক্ষ জাপানের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে নরওয়ের ডিফেন্স অনেক বেশি দুর্বল। ২০২২ এর কাতার বিশ্বকাপের পর থেকে জাপান ৪৬টি ম্যাচ খেলে মাত্র ৩০টি গোল হজম করেছে। সেই শক্ত রক্ষণই ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দীর্ঘ সময় ভোগান্তিতে ফেলেছিল।

অন্যদিকে, আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত নরওয়ে একই সময়ে ৩৮টি ম্যাচে ৪৩টি গোল হজম করেছে, যা জাপানের চেয়ে ১৩টি বেশি। রক্ষণভাগের এই দুর্বলতা এবারের বিশ্বকাপেও স্পষ্ট হয়েছে।  আইভরি কোস্টকে ২-১ গোলে হারালেও নরওয়ের ডিফেন্স বারবার চাপে পড়েছিল। এবারের বিশ্বকাপে রাউন্ড অব ১৬-এ ওঠা দলগুলোর মধ্যে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল হজম করেছে নরওয়ে। ফ্রান্স, সেনেগাল এবং ইরাকের বিপক্ষে তারা মোট সাত গোল হজম করে। এরপর শেষ ৩২–এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষেও আরও একটি গোল খায়।
 
আইভরি কোস্ট ম্যাচে পরিসংখ্যানও নরওয়ের রক্ষণভাগের দুর্বলতাই তুলে ধরে। হেরে গেলেও আফ্রিকার দলটি ১৪টি শট নিয়েছিল, যেখানে নরওয়ের ছিল মাত্র ৯টি। লক্ষ্যে শট নেয়ার ক্ষেত্রেও ৫-৪ ব্যবধানে আইভরি কোস্ট এগিয়ে। বাঁ প্রান্ত দিক দিয়ে আক্রমণ, মাঝমাঠ ভেদ করে অগ্রসর হওয়া এবং বক্সে প্রবেশ; সব ক্ষেত্রেই তারা নরওয়ের চেয়ে এগিয়ে ছিল। এই পরিসংখ্যান ব্রাজিলের জন্য আশাব্যঞ্জক, কারণ জাপানের বিপক্ষে ব্রাজিলের বেশিরভাগ কার্যকর আক্রমণই এসেছিল দুই উইং দিয়ে।

নরওয়ের কোচ স্টোলে সোলবাকেন আইভরি কোস্টের বিপক্ষে দ্বিতীয়ার্ধে এগিয়ে থাকা অবস্থায়ও উইংয়ের চাপ কমাতে পরিবর্তন আনেন। আন্তনিও নুসা ও অ্যালেক্সান্ডার শরলথকে তুলে অস্কার বব এবং আন্দ্রেয়াস শেলদেরুপকে মাঠে নামান। কিন্তু তাতেও লাভ হয়নি। এর কিছুক্ষণ পরই ডান দিক দিয়ে আক্রমণ গড়ে আইভরি কোস্ট নরওয়ের রক্ষণ ভেঙে সমতাসূচক গোল করে।

বিশ্বকাপের শুরু থেকেই নরওয়ের দুই প্রান্তের রক্ষণ দুর্বলতা দেখা গেছে। আইভরি কোস্ট, সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে রাইট-ব্যাকে খেলেছেন মার্কাস পেদারসেন, যদিও তিনি মূলত বিকল্প খেলোয়াড়। এই পজিশনের নিয়মিত খেলোয়াড় ইউলিয়ান রাইয়ারসন উরুর চোটে ভুগছেন এবং ব্রাজিলের বিপক্ষে তার খেলা এখনও অনিশ্চিত। নরওয়েজিয়ানদের ভালোমতোই জানা আছে ভিনিসিউস জুনিয়র কতটা ভয়ঙ্কর হতে পারেন।

২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভিনিসিউস ও রাইয়ারসন। সেই লড়াইয়ে জয়ী হন ব্রাজিলিয়ান উইঙ্গারই। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে বাঁ দিক দিয়ে বল পেয়ে ভিনি অসাধারণ স্কিল দেখিয়ে রাইয়ারসনকে কাটিয়ে কর্নার আদায় করেন। সেই কর্নার থেকেই দানি কার্ভাহাল গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
জাপানের বিপক্ষে যেভাবে জমাট রক্ষণভাগ ভাঙতে হয়েছিল, নরওয়ের বিপক্ষে ব্রাজিল সে তুলনায় তুলনামূলক বেশি জায়গা পেতে পারে। তবে কোচ সোলবাকেন এখনও জানাননি রাউন্ড অব ১৬-এর ম্যাচে তিনি কী কৌশলে দল সাজাবেন। তিনি বলেন, ‘এ নিয়ে পরে কথা বলব। আজ সবাইকে একটু শান্ত হতে দিতে চাই। এরপর আমরা পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করব।

এখনই আসন্ন ম্যাচ বিশ্লেষণ করতে চাই না।’ব্রাজিল ও নরওয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নরওয়েই একমাত্র দল যারা ব্রাজিলের বিপক্ষে দুইয়ের বেশি ম্যাচ খেলে এখনও অপরাজিত। চার দেখায় তাদের অর্জন দুই জয় ও দুই ড্র।

 

 

আয়শা/০১ জুলাই ২০২৬,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad