স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। মায়ের মৃত্যুর খবর পেয়ে দলের প্রধান কোচ দিদিয়ের দেশম দেশে ফিরছেন, ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে থাকবেন না তিনি।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। দল যখন দারুণ ছন্দে, ঠিক তখনই ব্যক্তিগত শোকের খবর পান কোচ দিদিয়ের দেশম।
ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, দেশমের মা মারা গেছেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন।
এ কারণে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে ডাগআউটে পাওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানায়, ম্যাচের আগের অনুশীলনসহ পুরো প্রস্তুতিতেও থাকতে পারবেন না তিনি।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর সংবাদ পান দেশম। এরপরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
আগামী ২৭ জুন বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে নরওয়ে বনাম ফ্রান্স ম্যাচ। এই ম্যাচে দেশমের পরিবর্তে ডাগআউটে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গাই স্তেফান।
এর আগে ফ্রান্স বিশ্বকাপ শুরু করে সেনেগালকে ৩ ১ গোলে হারিয়ে। পরের ম্যাচে ইরাককে ৩ ০ গোলে পরাজিত করে তারা নকআউট পর্ব নিশ্চিত করে।
কিউটিভি/অনিমা/২৪ জুন ২০২৬,/সকাল ৭:৫১
