ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

superadmin | আপডেট: ২২ মে ২০২৬ - ০১:০১:৩২ পিএম

ডেস্কনিউজঃ সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২২ মে) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিপুল/২২.০৫.২০২৬/দুপুর ১২.৫৭

▎সর্বশেষ

ad