যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে আশার ইঙ্গিত

superadmin | আপডেট: ২২ মে ২০২৬ - ১২:৩৮:৩৫ পিএম

ডেস্কনিউজঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান আসিম মুনির তেহরানে অবস্থান করছেন। এ সময় তারা ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আসিম মুনির তেহরানে ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে গিয়েছেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

রুবিও সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সবসময়ই একটি ভালো চুক্তি চান। প্রেসিডেন্টের প্রথম পছন্দ একটি ভালো সমঝোতা। যদি ভালো চুক্তি করা সম্ভব হয়, তাহলে সেটি দারুণ হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ভালো কোনো চুক্তি সম্ভব না হয় তাহলে প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে তার কাছে অন্য বিকল্পও রয়েছে। রুবিও সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন, সবাই জানে সেগুলো কী।

তিনি আরও বলেন, কিছু ইতিবাচক লক্ষণ রয়েছে। এতে অবশ্য তিনি অতিরিক্ত আশাবাদী হতে চাননি। আগামী কয়েক দিনে কী ঘটে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রুবিও। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে টোল আরোপের পথে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

অন্যদিকে, ন্যাটো জোটের সমর্থন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সুইডেনে ন্যাটো বৈঠকে যাওয়ার আগে তিনি বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে ন্যাটো অনীহা দেখাচ্ছে। রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যুদ্ধবিমান পাঠাতে বলেননি। কিন্তু তারা কোনো ধরনের সহায়তাই করতে রাজি হয়নি। এতে যুক্তরাষ্ট্র্র খুবই অসন্তুষ্ট।

বিপুল/২২.০৫.২০২৬/দুপুর ১২.৩৫

▎সর্বশেষ

ad