
লাইফ ষ্টাইল ডেস্ক : এই গরমে মানুষের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে শখের বাগানের গাছও। অতিরিক্ত তাপে গাছের পাতা শুকিয়ে যাওয়া, মাটি দ্রুত শুকিয়ে যাওয়া এবং ফুল না ধরা—এমন নানা সমস্যায় ভুগছে বাগানপ্রেমীরা। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে গাছের আলাদা যত্ন না নিলে অনেক গাছই নষ্ট হয়ে যেতে পারে।
গরমকালে সঠিকভাবে পরিচর্যা করলে শখের বাগানকে সবুজ ও প্রাণবন্ত রাখা সম্ভব বলে মত উদ্যান বিশেষজ্ঞদের।
উপযুক্ত গাছ নির্বাচন গুরুত্বপূর্ণ
বিশেষজ্ঞরা বলছেন, গরম মৌসুমে এমন গাছ নির্বাচন করা উচিত যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। জবা, বাগেনভিলিয়া, জুঁই, জিনিয়া, পোর্টুলাকা, নন্দিনী ও অপরাজিতার মতো ফুলের গাছ এই সময়ে ভালো ফলন দেয় এবং দীর্ঘ সময় ফুল ধরে রাখে।
সঠিক সময়ে পানি দেওয়া জরুরি
গরমে দিনে দুইবার পানি দেওয়া প্রয়োজন হলেও সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, দুপুরের প্রচণ্ড রোদে পানি দেওয়া উচিত নয়। ভোরবেলা সূর্য ওঠার আগে এবং বিকেলের শেষ ভাগে পানি দিলে গাছ ভালো থাকে। রাত গভীর হলে পানি না দেওয়াই ভালো।
গোড়ার মাটি পরীক্ষা করা দরকার
গাছকে পানি দেওয়ার আগে মাটি ভেজা আছে কি না তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভেজা মাটিতে অতিরিক্ত পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে।
রোদ থেকে গাছকে রক্ষা করা প্রয়োজন
প্রখর রোদে গাছকে সরাসরি আলো থেকে রক্ষা করতে ছায়াযুক্ত স্থানে রাখতে বলা হয়েছে। প্রয়োজনে খড় বা প্লাস্টিক শিট দিয়ে আংশিক ছায়া তৈরি করা যেতে পারে। এমন জায়গা বেছে নেওয়া উচিত যেখানে আলো ও বাতাস দুটোই পাওয়া যায়, কিন্তু তীব্র রোদ সরাসরি না পড়ে।
জৈব সারের ব্যবহার উপকারী
গরমকালে রাসায়নিক কীটনাশক ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিবর্তে জৈব সার যেমন চাল-ডাল ধোয়া পানি, সবজি ও ডিমের খোসা ব্যবহার করলে মাটি উর্বর হয় এবং গাছের বৃদ্ধি ভালো হয়। এতে ফুলও বেশি ফোটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৯:৪৮






