আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে অধিকতর স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের সঙ্গে মার্কিন মিত্র ও অংশীদার দেশগুলোর উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে এ অঞ্চলে সংঘাতের শঙ্কা এখনও কাটেনি। বেশ কয়েকটি বিষয় নিয়ে নতুন কিছু ঝুঁকি তৈরি হয়েছে।
চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার এই প্রচেষ্টা মূলত প্রধান প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে শীর্ষ নেতা পর্যায়ে দর-কষাকষির মাধ্যমে এক ধরনের ‘সমঝোতার’ পথে হাঁটার বৃহত্তর মার্কিন নীতিরই অংশ। এর ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নতুন নিষেধাজ্ঞা স্থগিত করেন, যে সংক্রান্ত আইনে তিনি মাত্র এক মাস আগেই স্বাক্ষর করেছিলেন। এর আগে আগস্ট মাসে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনেন এবং কিমের সঙ্গে পুনরায় বৈঠকে বসার আগ্রহের কথাও বারবার ব্যক্ত করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এই ধরনের সমঝোতা পরাশক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে পারে। তবে একই সঙ্গে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এ নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে যে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার এসব সমঝোতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার নিজস্ব স্বার্থ আদৌ যথাযথভাবে গুরুত্ব পাবে কিনা।
কারণ, গত ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে অবস্থান করছিলেন, ঠিক সেই সময়েই দক্ষিণ চীন সাগরের ‘সেকেন্ড থমাস শোল’ এলাকায় নতুন করে আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনায় ম্যানিলা এবং বেইজিং পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। মূলত এই পরিস্থিতি বৃহত্তর আঞ্চলিক বাস্তবতাকেই তুলে ধরে—যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল হলে কিছু ঝুঁকি কমতে পারে ঠিকই, তবে তা নতুন কিছু ঝুঁকি তৈরি করে এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধগুলোকে জিইয়ে রাখে।
মূলত, এ অঞ্চলে সংঘাতের শঙ্কা এখনও কাটেনি। বেশ কয়েকটি বিষয় নিয়ে নতুন কিছু ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা থাকায় এ অঞ্চলে মূলত এক ধরনের কৃত্রিম শান্তি স্থাপিত হয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:১২