আন্তর্জাতিক ডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। তবে এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে ‘গভর্নমেন্ট শাটডাউন’ (সরকারি কার্যক্রম অচলাবস্থা) তৈরি হতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে দলের একাংশ নতুন এ কংগ্রেস কাজ শুরু করার আগেই ‘অর্থনৈতিক ক্ষমতা’ (পাওয়ার অব দ্য পার্স) প্রয়োগ করে মার্কিন হামলা বন্ধের প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে তারা আগামী ১১ ডিসেম্বরের সময়সীমাকে লক্ষ্য হিসেবে নিয়েছেন, যে তারিখের মধ্যে বেশ কিছু কেন্দ্রীয় সংস্থার তহবিল বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বিল কংগ্রেসে পাশ করতে হবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ইরান যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটরা এর আগেও একাধিকবার প্রস্তাব এনে ব্যর্থ হয়েছেন। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে প্রতিনিধি পরিষদের সদস্য ইয়াসামিন আনসারি এবং রো খান্না ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন, তারা যেন তহবিল পাশের এই সময়সীমাকে কাজে লাগিয়ে নিশ্চিত করেন যে সংঘাত দীর্ঘায়িত করতে ‘করদাতাদের আর একটি পয়সাও’ খরচ হবে না।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসকে প্রতিরক্ষা ও অন্যান্য খাতের সরকারি কার্যক্রম সচল রাখতে একটি চলমান তহবিল প্যাকেজ পাশ করতে হবে। এই আইনপ্রণেতারা বলেছেন, ইরানে ‘আক্রমণাত্মক অভিযানে তহবিল ব্যবহারের ওপর সুস্পষ্ট নিষেধাজ্ঞা’ না থাকলে কংগ্রেসের উচিত যেকোনো তহবিল প্যাকেজের বিরোধিতা করা। এই প্যাকেজ পাশ না হলে কেন্দ্রীয় সংস্থাগুলোর অর্থায়ন বন্ধ হয়ে যাবে এবং ১২ ডিসেম্বর থেকে সরকারি কার্যক্রমে অচলাবস্থা শুরু হবে।
সহকর্মীদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তারা বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনে আমেরিকান জনগণ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা ইরানে ডোনাল্ড ট্রাম্পের এই বেপরোয়া যুদ্ধের অবিলম্বে অবসান চান। এমন কোনো তহবিল পাশ করা হবে আমেরিকানদের দাবির বিরুদ্ধাচরণ, যারা এখনই এই যুদ্ধ বন্ধ দেখতে চান।’ এক ভিডিও বার্তায় রো খান্না স্মরণ করিয়ে দেন যে, কংগ্রেস ঠিক একই পদ্ধতি অনুসরণ করে ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করেছিল।
নতুন কংগ্রেসে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে থাকা সিনেটর ক্রিস ভ্যান হোলেনও গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন, পাশ হওয়া যেকোনো বিলে অবশ্যই এমন ভাষা থাকতে হবে যা ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্প প্রশাসনকে বরাদ্দকৃত তহবিল ব্যবহারে বাধা দেয়’। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, মাইকেল বেনেট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
আইনপ্রণেতারা কি ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিলেন?
পরোক্ষভাবে এর উত্তর হ্যাঁ—মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার মাধ্যমেই তা সম্ভব হয়েছিল। ১৯৫৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কমিউনিস্ট উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ চলে। যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিয়েছিল এবং শুরুতে কেবল সামরিক উপদেষ্টা ও সহায়তা পাঠিয়েছিল।
১৯৬৪ সালে টনকিন উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি দল উত্তর ভিয়েতনামের ওপর সরাসরি হামলার অভিযোগ তোলে। এরপর কংগ্রেস একটি প্রস্তাব পাশ করে প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা ছাড়াই সেনা পাঠানোর ক্ষমতা দেয়। যুক্তরাষ্ট্র সেখানে ৫ লাখেরও বেশি সেনা মোতায়েন করে এবং ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। কিন্তু সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এবং ব্যাপক প্রাণহানির মুখে মার্কিন সেনাদের মনোবল ভেঙে পড়ায় যুদ্ধটি অজনপ্রিয় হয়ে ওঠে। মার্কিন সেনাবাহিনীর গণধর্ষণ ও গণহত্যার মতো নৃশংসতার খবর প্রকাশ পেলে জনসমর্থন আরও কমে যায়।
১৯৭৩ সালে কংগ্রেস ‘গালফ অব টনকিন রেজোলিউশন’ বাতিল করে এবং মার্কিন বাহিনীকে প্রত্যাহারের নির্দেশ দেয়। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন দক্ষিণ ভিয়েতনামের বাহিনীর কাছে সামরিক কর্তৃত্ব হস্তান্তর শুরু করলেও বোমাবর্ষণ অব্যাহত রাখে।
১৯৭৩ সালের জুনে কংগ্রেস ‘কেস-চার্চ সংশোধনী’ পাশ করে, যা যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেন্দ্রীয় তহবিল ব্যবহার নিষিদ্ধ করে। উভয় কক্ষের দুই-তৃতীয়াংশেরও বেশি আইনপ্রণেতা এতে সমর্থন দেওয়ায় নিক্সন প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা প্রয়োগ করেও তা আটকাতে পারেননি। আইনপ্রণেতারা ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ পাশ করেন, যাতে জরুরি অবস্থা ছাড়া যুদ্ধ ঘোষণার আগে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়। নিক্সন এতে ভেটো দিলেও ১৯৭৩ সালের নভেম্বরে কংগ্রেস তা নাকচ করে দেয়। মার্কিন অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় অবশেষে ১৯৭৫ সালের এপ্রিলে সায়গনে দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতন ঘটে।
সব ডেমোক্র্যাট কি সরকারি তহবিল বন্ধ করতে রাজি?
কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা উপেক্ষা করে অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ট্রাম্প প্রশাসনের ওপর ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ। তবে যুদ্ধ বন্ধ করতে সরকারি কার্যক্রম অচল করে দেওয়ার পক্ষে সব ডেমোক্র্যাট নন।
নতুন কংগ্রেসে প্রভাবশালী ‘হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’র (যারা তহবিল আটকে দিতে পারে) চেয়ারম্যান হতে যাওয়া ডেমোক্র্যাট প্রতিনিধি রোজা ডেলাউরো মধ্যবর্তী নির্বাচনের আগে সিবিএস নিউজকে বলেছিলেন, তিনি যুদ্ধের জন্য ‘তহবিল বন্ধ করার’ বিষয়টি সমর্থন করবেন। তবে তিনি শাটডাউনের পক্ষে নন এবং এক বছরের পূর্ণাঙ্গ তহবিল প্যাকেজের বদলে স্বল্পমেয়াদি তহবিল বাড়ানোর প্রস্তাব অনুমোদনের পক্ষে মত দিয়েছেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি আমেরিকান জনগণ চান আমরা যুদ্ধ বন্ধ করি। তবে আমি এটাও বিশ্বাস করি যে, সরকার অচল করে দিলে যুদ্ধ বন্ধ হবে—এমনটা আমেরিকানরা বিশ্বাস না-ও করতে পারেন।’
আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার হতে যাওয়া ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেননি।
প্রেসিডেন্ট কি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন?
হ্যাঁ, কারণ রিপাবলিকানরা এখনো আরও ছয় সপ্তাহ কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবেন। এ ছাড়া বর্তমান এবং আগামী—কোনো কংগ্রেসেই প্রেসিডেন্টের ভেটো নাকচ করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের নেই।
১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬৭টি ভোটের প্রয়োজন হয়। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের ৫৬-৪৪ আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তারা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১১ ভোট পিছিয়ে থাকবেন। একইভাবে, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৯০টি ভোট প্রয়োজন, কিন্তু আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটরা সেখানে ২৫৭টি আসন নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ডেমোক্র্যাটরা উভয় কক্ষে যুদ্ধের ক্ষমতা সংক্রান্ত ১৫টিরও বেশি ভোটাভুটির উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন। গত সেপ্টেম্বরে ট্রাম্পকে তিরস্কার করার উদ্দেশ্যে আনা একটি প্রস্তাবে প্রতিনিধি পরিষদের সাতজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে ভোট দিলে প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে পাশ হয়েছিল। তবে গত সপ্তাহে সিনেটের রিপাবলিকানরা ৫১-৪৮ ভোটে তা আটকে দেন। রিপাবলিকানরা যুদ্ধের উচ্চ ব্যয়ের কথা স্বীকার করলেও যুক্তি দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের উচিত ‘কাজটি শেষ করা’।
আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:০৪
