
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সুমি অঞ্চলের রোমনি কমিউনিটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, রুশ সেনাদের আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গেল একদিনে ইউক্রেনীয় ভূখণ্ডে অর্ধশতাধিক অন্তত বিমান হামলা এবং আড়াইশ’ গাইডেড বোমা ফেলেছে রুশ বাহিনী। সুমির পাশাপাশি দানিপ্রোপেত্রোভস্ক এবং খেরসনসহ অন্তত ৩০টি স্থানে ড্রোন হামলাও চালিয়েছে রাশিয়ার সেনারা। জবাবে রাশিয়ার তিনটি অস্থায়ী সেনা ক্যাম্প ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সফল হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী।
চলমান এই যুদ্ধ বন্ধে দুই পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হাঙ্গেরি সফরে গিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই যুদ্ধ এখন অর্থহীন হয়ে পড়েছে। মাত্র কয়েক কিলোমিটার ভূখণ্ডের জন্য লাখ লাখ রুশ ও ইউক্রেনীয় মানুষের জীবন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য তার।
শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় নেতাদের অনীহার কড়া সমালোচনা করে ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসন দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এদিকে মস্কোর তরফ থেকেও ইউক্রেন যুদ্ধ বন্ধের সংলাপ নিয়ে নতুন ইঙ্গিত পাওয়া গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া আশা করে যুক্তরাষ্ট্র দ্রুতই ইউক্রেন সংকট সমাধানে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরবে।
আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২






