রাঙামাটিতে বিষ প্রয়োগে চারটি উন্নতজাতের ছাগল হত্যা: দিশেহারা ক্ষুদ্র উদ্যোক্তা উজ্জল ত্রিপুরা

Anima Rakhi | আপডেট: ২৩ মার্চ ২০২৬ - ১০:৪১:৪০ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে বিষ প্রয়োগ করে চারটি উন্নতজাতের ছাগলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার (দুপুরে) শহরের চেঙ্গির মুখ এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত খামার মালিক উজ্জল বৈদ্য, যিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ছাগল পালন করে জীবিকা নির্বাহ করছিলেন, এই ঘটনায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তার খামারের মূল্যবান চারটি উন্নতজাতের ছাগলকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রতিবেশি লাভলু স্টোরের মালিক লাভলু ও তার মা মিলে খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে আমার ছাগলগুলোকে হত্যা করেছে। এই পযন্ত চারটি ছাগল মারা গেছে আরো কয়েকটি ছাগল অসুস্থ হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটির পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে পূর্বের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

উজ্জল বৈদ্য বলেন, “এই ছাগলগুলোই ছিল আমার আয়ের প্রধান উৎস। এগুলো বড় করতে অনেক পরিশ্রম করেছি। হঠাৎ করে এমনভাবে সব শেষ হয়ে যাবে, তা কখনো ভাবিনি।” তিনি আরও বলেন, এই ঘটনায় তার আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ক্ষতিপূরণের ব্যবস্থাও কামনা করেন, যাতে তিনি আবার নতুন করে তার খামার কার্যক্রম শুরু করতে পারেন।এদিকে রাঙামাটির প্রাণী সম্পদ কর্মকর্তা পশু চিকিৎসক ডা: দেবরাজ চাকমা জানিয়েছেন, আমি বিষয়টি জেনেছি এবং আমাদের কাছে নিয়ে আসতে বলেছি। থানায় অভিযোগ দিয়ে আসলে পুলিশের উপস্থিতিতে আমি ময়না তদন্ত করার ব্যবস্থা নিবো।অপরদিকে, রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানিয়েছেন, আমি মর্মান্তিক ঘটনাটি শুনার পরপরই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছি। এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে লাভলু স্টোরে গেলে সেখানে অবস্থানরত লাভলুর মা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে প্রকাশ্য দিনের আলোতে অবলা প্রাণীগুলোকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার ঘটনায় স্থানীয় নিন্দা জানিয়েছে। এ ধরনের নির্মম ঘটনা শুধু একজন ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নকেই ধ্বংস করে না, বরং সমাজে মানবিকতার প্রশ্নও উত্থাপন করে; এমনটাই মত স্থানীয় সচেতন মহলের।

অনিমা/২৩ মার্চ ২০২৬,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad