
আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, তা তারা কবরে নিয়ে যাবে।’ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা বলেন।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আজ শনিবার (৭ মার্চ) জানিয়েছেন, তার দেশ কখনোই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করবে না। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন দেশটির সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকটি উপসাগরীয় দেশ লক্ষ্য করে প্রতিশোধমূলক আক্রমণ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের একদিনেরও কম সময়ের মধ্যে মাসউদ পেজেশকিয়ান এই প্রতিক্রিয়া দিলেন। ট্রাম্প বলেছিলেন, তেহরান ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ না করলে তার সরকার কোনো আলোচনায় বসবে না। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, তা তারা কবরে নিয়ে যাবে।’
তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলোর ভূমি ব্যবহার করে যদি ইরানের ওপর কোনো আক্রমণ না চালানো হয়, তবে ইরানও ওই দেশগুলোতে কোনো হামলা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তু না করার এই নীতি ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ অনুমোদন করেছে। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, এই অঞ্চলের কোনো দেশের সঙ্গে তেহরানের কোনো শত্রুতা নেই।
আয়শা/০৭ মার্চ ২০২৬,/বিকাল ৪:০০






