ব্রেকিং নিউজ

বৃষ্টিতে ভোগান্তি, মহাসড়কে যানজট-ধীরগতি

superadmin | আপডেট: ২৬ মে ২০২৬ - ০৯:২৬:৪০ পিএম

ডেস্কনিউজঃ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ছুটে রাজধানীবাসী। এর ফলে সড়ক-মহাসড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ।

এতে করে সৃষ্টি হয় যানজট। যার ফলে বাড়ে ভোগান্তি। এর সঙ্গে ঈদযাত্রায় হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো মানুষ। সেই সঙ্গে যান বিকল ও অতিরিক্ত চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট ধীরগতি আছে।

মঙ্গলবার (২৬ মে) যমুনা সেতু পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যান চলাচল করে। ফলে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে যানবাহনে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় ধরে রাস্তায় আটকে আছেন।

গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী মরিয়ম বেগম নামের এক যাত্রী জানান, মহাসড়কে একাধিক জায়গায় বৃষ্টির কবলে পড়েছি। এতে বাস ধীরগতিতে এসেছে।

ঢাকা থেকে মধুপুরগামী দেলোয়ার হোসেন বলেন, ‘দিগুণ সময় লাগল আসতে। বৃষ্টি আর যানজটে একেবারে ক্লান্ত। সেইসঙ্গে বেশি ভাড়াও নেওয়া হচ্ছে।’

এলেঙ্গা (মধুপুর) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরীফ বলেন, ‘বৃষ্টিতে ভিজে মহাসড়কে ডিউটি করছি। আবহাওয়া বিরূপ হওয়ায় মহাসড়কে কিছুটা ভোগান্তি তো হচ্ছেই।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘রাতে বৃষ্টি-ঝড় এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট ধীরগতি ছিল। ফলে মানুষের ভোগান্তি হয়েছে। এখন মহাসড়কে কোথাও কোথাও ধীরগতি আছে।’

এদিকে, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে দেশের ২৩ জেলার মানুষ যাতায়াত করেন। ঈদে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার বেড়েছে কয়েকগুণ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

এরমধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে পার হয়েছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা।

অন্যদিকে, সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তে টোল প্লাজা (ঢাকাগামী লেন) দিয়ে পার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

বিপুল/২৬.০৫.২০২৬/রাত ৯.২০

▎সর্বশেষ

ad