
ডেস্ক নিউজ : চলতি রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা একদিনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে সৌদি আরব। দেশটির হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৭ হিজরি (২০২৬ খ্রিস্টাব্দ) সালের ৪ রমজান, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি, একদিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মোট ৯ লাখ ৪ হাজার ওমরাহযাত্রী ওমরাহ সম্পন্ন করেছেন।
এই সংখ্যার মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিষ্টাব্দ) সালের ৭ রমজান, অর্থাৎ ৭ মার্চ, একদিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। মাত্র এক বছরের ব্যবধানে এবার আগের রেকর্ড প্রায় দ্বিগুণ মানুষ ভাঙলেন এবং একই দিনে ওমরাহ সম্পন্ন করলেন।
রমজান মাসে ওমরাহযাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বহু স্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে প্রধান হলো কাবার চারপাশের উন্মুক্ত সাদা মার্বেল পাথরের এলাকা বা ‘মাতাফ’। এই এলাকা ২৪ ঘণ্টা নির্দিষ্টভাবে শুধুমাত্র ওমরাহ পালনকারীদের জন্য খোলা রাখা হয়েছে। সাধারণ নামাজি বা দর্শনার্থীদের এই অঞ্চলে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মসজিদুল হারামের চারপাশে ট্রাফিক ও পথচারীদের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় অননুমোদিত মোটরসাইকেল, সাইকেল এবং ব্যক্তিগত গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত স্থানে গাড়ি পার্ক না করলে তা সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। এছাড়া বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর এবং মক্কার ভেতরে ও বাইরে মোট ১৪টি পার্কিং জোন থেকে সরকারি বাসের মাধ্যমে মুসল্লিদের আনা-নেওয়া করা হচ্ছে।
মসজিদের প্রধান প্রবেশপথ এবং করিডোরগুলোতে ভিড় বা বসে থাকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হারামাইন কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে, শুক্রবারের জুমার নামাজ এবং প্রতিদিনের মাগরিব, এশা ও তারাবিহ নামাজের সময় ভিড় কয়েক গুণ বেড়ে যায়। এই সময়ে মসজিদে জায়গা না পেলে মুসল্লিদের বাইরের চত্বর বা নিকটস্থ অনুমোদিত মসজিদগুলোতে নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়।
সূত্র: খালিজ টাইমস
আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১০:০৫





