
আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি বড় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগপৎ হামলার প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদে ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ও দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ও ইসনার বরাত দিয়ে এএফপি জানায়, ‘রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান নিরাপদে ও সুস্থ আছেন। তার কোনো সমস্যা হয়নি।’
এর আগে, ইরানের সরকারবিরোধী লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
তবে এখন পর্যন্ত এই হামলায় হতাহতের কোনো তথ্য দিতে পারেনি সংবাদমাধ্যমটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা স্বীকার করা হয়েছে।
টেলিভিশনটি জানায়, আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে হামলা শুরু হয়। আইআরআইএনএনে খামেনির পূর্বে রেকর্ড করা ভিডিও প্রচারিত হয়েছে। যেখানে তিনি ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন।
আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৪০






