স্পোর্টস ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রিশভ পন্ত। প্রায় ১৫ মাস ইনজুরির কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হয় এই ব্যাটসম্যানকে। খেলতে পারেননি আইপিএলের সবশেষ আসর। অবশেষে এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে ফিরেছেন পন্ত। প্রথম দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তার দল দিল্লি ক্যাপিটালস।
তবে পন্ত আইপিএল খেলবেন আর বিতর্কে জড়াবেন না, এমনটা যেন হতেই পারে না। আইপিএলে শাস্তির মুখে পড়াটা দিল্লি অধিনায়ক যেন ট্রেন্ডে পরিণত করেছেন। ২০২২ সালে আইপিএলে শেষ ওভারের নো বল বিতর্ককাণ্ডে জড়ান পন্ত। শুধু বিতর্কে জড়াননি পড়েন শাস্তির মুখেও। ম্যাচ ফির পুরোটাই জরিমানা দিতে হয় তাকে। সহকারী কোচ প্রবীণ আমরেকেও জরিমানা হিসেবে দিতে হয়েছে পুরো ম্যাচ ফি। পন্তকে জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধও করেছিল কর্তৃপক্ষ।
এবার আবারো আইপিএলে শাস্তির মুখে পড়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জমজমাট ম্যাচে ২০ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস। তবে জয় পেয়েও দুঃসংবাদ পেতে হয়েছে দিল্লিকে। আইপিএলের কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে শাস্তি পেতে হচ্ছে দিল্লি অধিনায়ককে।
মূলত চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি পাচ্ছেন দিল্লির অধিনায়ক। পন্তকে ১২ লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই। শুধু তাই নয়, টুর্নামেন্টের বাকি সময় আবারো এই ভুল হলে শাস্তির পরিমাণ দ্বিগুণ হবে বলে সতর্ক করা হয়েছে তাকে।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৫
