ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচেও পান্ডিয়াকে পাচ্ছে না ভারত

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৫:০০:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতে নিয়েছে ভারত। সামনে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। কিন্তু সেই দুটি ম্যাচের আগে বড় দুঃসংবাদ দলটিতে। সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে তারা পাচ্ছে না এই দুই ম্যাচে। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। বর্তমানে তিনি আছেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও নেটে বোলিং শুরু করেননি।

যদিও ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইডস্পোর্টস আগেই জানিয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে পান্ডিয়া একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন। তবে টিম ম্যানেজমেন্ট সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না ম্যানেজমেন্ট।

বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘হার্দিক পান্ডিয়া মেডিকেল টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন।’জয় শাহের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ম্যাচের পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad