
স্পোর্টস ডেস্ক : বাতাসে উত্তাপ ছড়াচ্ছে এল ক্লাসিকো। ফুটবল প্রেমীদের কানে পৌঁছে গেছে ধ্রুপদী লড়াইয়ের সুর। রিয়াল-বার্সার এক একজন হ্যামিলনের বাঁশিওয়ালার আমন্ত্রণে সাড়া দেয়ার অপেক্ষায় সমর্থকরা। ন্যু ক্যাম্প প্রস্তুত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর লড়াইয়ের জন্য। মেসি-রোনালদো পরবর্তী ক্লাসিকোর আগের সে তেজ না থাকলেও প্রাচীন এ লড়াই এখনো জিইয়ে রেখেছে তার পুরনো সৌন্দর্য।
এ বছরে টানা চতুর্থ ক্লাসিকোর আগে বিপাকে বার্সেলোনা। রেফারিকে ঘুষ দেয়ার ঘটনায় তোলপাড় ফুটবল বিশ্ব। এ নিয়ে কাতালানদের বিরুদ্ধে চলছে তদন্ত। তবে আইনী লড়াইয়ের উত্তাপ মাঠের খেলায় পড়বে না বলেই আভাস কোচ জাভির। নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে’র পর সবশেষ লা লিগা। টানা তিন এল ক্লাসিকোতে রিয়ালের দর্প চূর্ণ করেছে বার্সা। ফিরতির পর্বেও ভালো কিছু নিয়েই ফাইনালে পা রাখতে চান জাভি।
তবে চাপের মুখেও রিয়ালের ঘুরে দাঁড়ানোর স্বভাব সতর্ক রাখছে কোচকে। জাভি বলেন, ‘রিয়াল মাদ্রিদ এখনও ফেবারিট। ফাইনালে ওঠার জন্য ওরা যে কোনো কিছু করতে পারে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। মাঠের বাইরে আইনি ঝামেলা খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করি আমি।’ম্যাচের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি ভাবাচ্ছে বার্সা কোচকে। ইনজুরিতে খেলতে পারবেন না ওসমান ডেম্বেলে, মিডফিল্ডার পেদ্রি, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন।
সে তুলনায় ইনজুরি নিয়ে নির্ভার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। লিগের শেষ ম্যাচে বেনজেমার দ্রুততম হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে মাদ্রিদিস্তারা। ন্যু ক্যাম্পে সে ধারাবাহিকতা ধরে রেখে বড় জয়ে ফাইনালে ওঠার লক্ষ রিয়ালের। এ ম্যাচে ফিরেছেন ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তবে মাঝমাঠে অ্যানচেলত্তির বড় ভরসা এ ম্যাচে মদ্রিচ ও টনি ক্রুসকে এ ম্যাচে শুরু থেকে একাদশে নাও দেখা যেতে পারে।
আনচেলত্তি বলেন, ‘বার্সার সঙ্গে এল ক্লাসিকো সব সময়েই রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ। চাপমুক্ত হয়ে খেলাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা ছাড়ছি না।’দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অতীত পরিসংখ্যানে এগিয়ে রিয়াল। ২৫৩ টি ম্যাচের মধ্যে ১০১ টি জয় নিয়ে এগিয়ে মাদ্রিদিস্তারা। ১০০টি জয় আছে কাতালানদের। আজ বার্সেলোনার সামনে সুযোগ রিয়ালকে ধরে ফেলার।
কিউটিভি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৪






