ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৬:১৩:৫৬ পিএম

ডেস্ক নিউজ : পোশাক কারখানায় কর্মরত একজন ৪র্থ গ্রেডের শ্রমিক (হেলপার, থ্রেড কাটার, লাইন সহকারী) কতো টাকা মজুরি পান, তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। দেশি ও আন্তর্জাতিক ফোরামে আলোচনায় এই গ্রেডের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা বলা হয়। প্রকৃতপক্ষে ওভারটাইম, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও হাজিরা বোনাসসহ সব মিলিয়ে একজন শ্রমিক মাস শেষে ১৯ হাজার ৫২০ টাকা বাসায় নিয়ে যান। আর পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা গড়ে ২২ হাজার টাকা মজুরি পান, যা বাংলাদেশের অন্য শিল্পখাতে কর্মরতদের তুলনায় বেশি।  

এ হিসাব সামনে এনে গার্মেন্টস মালিকরা বলছেন, মজুরি নির্ধারণে শুধু মূল বেতন বা মাসিক নির্ধারিত মজুরি বিবেচনা করলে শ্রমিকদের প্রকৃত আয় ও ব্যয়ের চিত্র পুরোপুরি উঠে আসে না। একই সঙ্গে ওভারটাইম ও অন্যান্য সুবিধা সব শ্রমিকের ক্ষেত্রে সমান নয়। ফলে টেক-হোম আয়ের হিসাবের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, শ্রমিকের পরিবারের সদস্যসংখ্যা এবং নিয়মিত আয় নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

কোন গ্রেডে কত বেতন: বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা। ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটি নগদায়ন ও হাজিরা বোনাস যোগ করলে টেক-হোম দাঁড়ায় ২৩ হাজার ৬৬০ টাকা।

গ্রেড-২ (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা। আর গ্রেড-৪ (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) শ্রমিকের মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা, টেক-হোম ১৯ হাজার ৫২০ টাকা।

এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতার মাসিক গড়, অর্জিত ছুটি নগদায়ন ও ৩০০ টাকা হাজিরা বোনাস ধরা হয়েছে। তবে বাস্তবে কারখানা, কাজের ধরন ও ওভারটাইমের সুযোগভেদে শ্রমিকের আয় কম-বেশি হতে পারে।

অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা, টেইলারিং শিল্পে ৭ হাজার ২৭৫ টাকা, ডাইস ও কেমিক্যাল শিল্পে ১৪ হাজার টাকা (প্রস্তাবিত) এবং চামড়া ও পাদুকা শিল্পে ১১ হাজার ৯০০ টাকা (প্রস্তাবিত)। পক্ষান্তরে সরকারি কর্মচারীদের বেতন ১৫ বছর পর ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে পোশাক খাতের শ্রমিকদের মজুরি গত ১৬ বছরে ৩১৬.৬৭ শতাংশ বাড়ানো হয়েছে। 

শিল্পের সক্ষমতা ক্রমশ কমছে: গত ৩ বছরে শিল্প ক্রমশ তার সক্ষমতা হারাচ্ছে। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অপরদিকে রপ্তানি মূল হ্রাস- এই উভয় সংকট পরিস্থিতিতে শুধুমাত্র টাকা অবমূল্যায়ন (রিটেনশন ভ্যালুর উপর) ও কিছুটা উৎপাদনশীলতা বৃদ্ধির কল্যাণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। অন্যথায় শুধুমাত্র কাটিং-মেকিং করে শিল্প টিকে থাকতে পারতো না। এসময় আন্তর্জাতিক বাজারে রপ্তানিকৃত বাংলাদেশের পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২.৫৬ শতাংশ।

পক্ষান্তরে শিল্পের উৎপাদন খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। বিদ্যুতের দাম ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩.৮৫ শতাংশ এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে; ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১২–১৬ শতাংশ হয়েছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর বাইরে ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের ফলে ফ্যাক্টরিং খরচ বাড়ছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি ১০–২০ শতাংশ শুল্ক আরোপের  ফলে বাড়তি চাপ তৈরি হয়েছে।

এর প্রভাব পড়েছে রপ্তানিতে। গত ৫ অর্থবছরে পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়। ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে।

দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান: গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী গ্রেড-১ শ্রমিকের মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা। শিক্ষানবিস শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

অন্যদিকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন মজুরির প্রস্তাব দিতে পারে বলে আলোচনা রয়েছে। মালিকদের যুক্তি, আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমেছে। উৎপাদন ব্যয় বেড়েছে। এ অবস্থায় বড় অঙ্কের মজুরি বৃদ্ধি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও কর্মসংস্থানের ওপর চাপ তৈরি করতে পারে।

তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণের দাবি: মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের মজুরি পরিশোধের সক্ষমতা নিয়ে পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের দাবি ও মালিকদের পালটা প্রস্তাবের মধ্যকার দর-কষাকষির পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

এ ক্ষেত্রে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা এবং মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, রপ্তানি আদেশ, উৎপাদন ব্যয়, মুনাফা ও কর্মসংস্থানের প্রবণতা মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

সব মিলিয়ে নতুন মজুরি নির্ধারণে একদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রকৃত ক্রয়ক্ষমতা, অন্যদিকে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য আয় নিশ্চিত করার পাশাপাশি শিল্পের কর্মসংস্থান ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তথ্যভিত্তিক সমঝোতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিজিএমইএ’র তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরের ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে এক হাজার ৭৮টি কারখানা। যা বিজিএমইএ’র সদস্যের প্রায় ৫৭ শতাংশ। আর ২১ শতাংশ কারখানা ১০-২৫ মিলিয়ন ডলার রপ্তানি করে। এই ৭৮ শতাংশ ছোট ও মাঝারি শ্রেণির কারখানার আর্থিক সক্ষমতা অনেক কম। এসব কারখানার সাথে জড়িত আছে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এবং অনেক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।

একাধিক গার্মেন্ট মালিক যুগান্তরকে জানিয়েছে, মাসিক নূন্যতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো গড়ে প্রায় ০.৩ শতাংশ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়বে। ফলে এসকল কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে এবং প্রায় ১০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কোনো অযৌক্তিক দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকাংশ পোশাক শিল্প প্রতিষ্ঠানের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য মারাত্মক ধ্বস বয়ে আনবে। নানা কারণে ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় এক লাখ ৭৫ হাজার জন শ্রমিক। 

তারা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতার মাঝেই একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো ঠিক করতে হবে। যেখানে একদিকে শ্রমিকদের সম্মান ও স্বস্তি নিশ্চিত হবে। অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে। কারণ শ্রমিক আর শিল্প- কেউ কারও প্রতিপক্ষ নয়; উভয়ই একে অপরের পরিপূরক। পারস্পরিক বোঝাপড়া, বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলে পোশাক খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও দৃঢ় হবে।

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad