লাইফ ষ্টাইল ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শেফ কিশওয়ার চৌধুরীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কিনোকুনিয়া বাংলাদেশ।
আলোচনায় কিশওয়ার জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পারিবারিক রান্না কীভাবে তাঁর কাজকে প্রভাবিত করেছে। ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’য় অংশ নেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশি খাবার তুলে ধরার গল্পও শেয়ার করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে অতিথিরা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
কিনোকুনিয়া বাংলাদেশের এ আয়োজনের উদ্দেশ্য ছিল পাঠকদের বইয়ের বাইরেও বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ও সফল ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও বিভিন্ন বিষয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, জাপানের আন্তর্জাতিক বইয়ের দোকান চেইন কিনোকুনিয়ার বাংলাদেশ শাখা রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্টে অবস্থিত। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহের পাশাপাশি পাঠকদের জন্য সুন্দর ও আরামদায়ক পরিবেশ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
নিয়মিত অনুষ্ঠান ও পাঠককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বই পড়ার সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছে কিনোকুনিয়া বাংলাদেশ।
আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২১
