জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, আহতদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণে সরকার এবং দল সর্বোচ্চ সহযোগিতা করবে। চিকিৎসার ব্যয়সহ যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সময় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫০
